বিশেষ প্ৰতিবেদন: বর্তমান সময়ে শেয়ার মার্কেটে ক্রমশ পতন পরিলক্ষিত হচ্ছে। ঠিক এই আবহেই ক্রমাগত দাম বাড়ছে সোনার। গত এক মাসে সোনার দাম (Gold Price) বেড়েছে ৬ শতাংশেরও বেশি। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, ১০ গ্রাম সোনার দাম ৪৫৯ টাকা বেড়ে ৮৫,১৪৬ টাকা হয়েছে। রুপোর দামের অবস্থাও একই অবস্থা। রুপোর কেজি প্রতি দাম ৪৬ টাকা বেড়ে ৯৫,৬৩২ টাকা হয়েছে। এদিকে, বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে এহেন বৃদ্ধির জলে প্রত্যক্ষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষরা।
লাফিয়ে বাড়ছে সোনার দাম (Gold Price):
পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, সোনার দাম রেকর্ড মাত্রায় পৌঁছনোর পর, গয়নার চাহিদা ৮০ শতাংশ কমেছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, সারা দেশে গয়না বিক্রেতাদের বিক্রি কমেছে। বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধির ফলে ক্রেতারা তাঁদের কেনাকাটা কমিয়ে দিয়েছেন। সোনা ব্যবসায়ীরা জানাচ্ছেন অনেক ক্রেতা বিয়ের মরশুমে সোনা কিনতে চাইলেও দাম বাড়ার কারণে কেনা এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে, চিনের ডিলাররা ক্রেতাদের প্ররোচিত করতে ছাড়ের প্রস্তাব দিয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, ২০২৪ সালে ভারতের গহনা খরচ হল ৫৬৩.৪ মেট্রিক টন। যা চিনের ৫১১.৪ টনের চেয়ে বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার গ্রাহক ভারতে সোনার দাম এই সপ্তাহে প্রতি ১০ গ্রামে ৮৮,০০০ টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে। ২০২৪ সালে ২১ শতাংশ বৃদ্ধির পর, এই বছরে সোনার দর (Gold Price) ১০ শতাংশের বেশি বেড়েছে। মূলত, গ্লোবাল মার্কেটে অনিশ্চয়তার কারণে সোনার দামে এহেন বৃদ্ধি ঘটছে। আর সেই কারণেই সোনা কেনা থেকে মুখ ফেরাচ্ছেন গ্রাহকেরা।
















